এ, আর, রহিম

নারায়ণগঞ্জের সদরে রেললাইনে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
রোববার সন্ধ্যায় শহরের ১নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শাহ জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টায় ১নং রেলগেট এলাকাতে রেললাইনের উপরে আনন্দ পরিবহনের একটি বাস ছিল। প্রচন্ড যানজটের কারণে বাসটি আর সরতে পারেনি।
এ সময় ঢাকা থেকে আসা ট্রেনটি সেন্ট্রাল স্টেশনে প্রবেশের মুখে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময়ে ১ নং রেলগেট এলাকাতে কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুইজন পুরুষের মরদেহ উদ্ধার করে। তবে তারা বাসের যাত্রী না ট্রেনের সেটা নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন বলেন, দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের একটি পা উদ্ধার করা হয়েছে। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাবিনা ইয়াসমিন বলেন, একটি শিশুসহ ৭ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১০ বছরের এক শিশুর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদের হাত পা ভেঙে গেছে। দুইজন মাথায় আঘাত পেয়েছে।
Posted ৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor